দেশাত্মবোধক গানে সাফল্যের বিভাগীয় পর্যায়ে শীর্ষে ফেনীর ইমন দাস
একই প্রতিযোগিতায় লোকসংগীতে দ্বিতীয় স্থান অর্জন করে ফেনী জেলা ও ফেনী সরকারি কলেজের সুনাম আরও উজ্জ্বল করেছেন।

বিশেষ প্রতিনিধি-
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশাত্মবোধক সংগীতে (ঘ গ্রুপ) প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন ফেনীর মেধাবী সন্তান ইমন চন্দ্র দাস।একই প্রতিযোগিতায় তিনি লোকসংগীতে দ্বিতীয় স্থান অর্জন করে ফেনী জেলা ও ফেনী সরকারি কলেজের সুনাম আরও উজ্জ্বল করেছেন।

ইমন দাস ফেনী সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের দর্শন বিভাগের নিয়মিত শিক্ষার্থী। শৈশবকাল থেকেই সংগীতচর্চায় নিবেদিত ইমন তার কণ্ঠের দক্ষতা, সাধনা ও প্রতিভার মাধ্যমে এই মর্যাদাপূর্ণ বিভাগীয় প্রতিযোগিতায় নিজের সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। তিনি আর্য সাংস্কৃতিক কেন্দ্র ফেনী একজন সংগীত শিক্ষার্থী ও শিল্পী উল্লেখযোগ্য যে, এর আগেও তিনি ২০১৪ সালে বিটিভির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত লোক সংগীত ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাতীয় পুরস্কারে ভূষিত হন।

চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার), চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়া উদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ।
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ, চট্টগ্রাম কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল।
ইমন দাসের এই কৃতিত্বপূর্ণ সাফল্যে ফেনী সরকারি কলেজ পরিবারসহ জেলার শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের সর্বস্তরের মানুষ গর্বিত। সকলের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
ভবিষ্যতে দেশ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে তিনি আরও বড় সাফল্য অর্জন করবেন—এমন প্রত্যাশাই সকলের।




