অন্যান্য

ফেনীর ঐতিহ্যবাহী জয়কালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত

দিনব্যাপী এই ধর্মীয় উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

ফেনী প্রতিনিধি:

ফেনী শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী জয়কালী মন্দিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ধর্মীয় উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

মাতৃরূপে কুমারী পূজা

পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দেবী বরণ ও অধিবাস পর্বের মধ্য দিয়ে। অধিবাস উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক ও ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত দল ‘ব্যান্ড মঞ্জিরা’ ভক্তিমূলক ও ধর্মীয় সংগীত পরিবেশন করে। তাদের সুরের মূর্ছনায় উপস্থিত ভক্তদের মাঝে এক অনন্য আধ্যাত্মিক ও প্রশান্তিময় আবহ তৈরি হয়।

মায়ের রূপ ছিল অপরূপ

শাস্ত্রীয় বিধি মেনে সকাল থেকেই শুরু হয় মূল পূজা-অর্চনা। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি এবং বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে দেবী জগদ্ধাত্রীর আরাধনা করা হয়। দিনের অন্যতম প্রধান ও বিশেষ আকর্ষণ ছিল কুমারী পূজা। শাস্ত্রীয় রীতি অনুযায়ী এক ছোট্ট কুমারীকে দেবীজ্ঞানে আসনে বসিয়ে নিষ্ঠার সাথে পূজা করা হয়, যা দেখতে মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক ভক্ত সমবেত হন।

ধর্মীয় আচারের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও ছিল চোখে পড়ার মতো। দিনের পর্বে ঐতিহ্যবাহী ও মনোমুগ্ধকর বৈদিক নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

রাতের পর্বে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত ও বর্ণিল হয়ে ওঠে ঐতিহ্যবাহী ধুনচি নৃত্যের মাধ্যমে। ঢাকের বাদ্য আর ধূপের সুবাসে ভক্ত ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধুনচি নৃত্য পুরো মন্দির প্রাঙ্গণকে মাতিয়ে রাখে।

পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী শুভ বৈষ্ণব বলেন, “দেবী জগদ্ধাত্রী জগতের কল্যাণ ও শান্তির প্রতীক। প্রতি বছরের মতো এবারও আমরা ধর্মীয় রীতিনীতি ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে আনন্দিত। বিশ্বশান্তি ও মানবকল্যাণের প্রার্থনা জানিয়ে আমরা সবার সহযোগিতায় এই উৎসব সুন্দরভাবে উদযাপন করেছি।”

কমিটির সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ দাস বলেন, “অধিবাসে ব্যান্ড মঞ্জিরার ধর্মীয় সংগীত থেকে শুরু করে সকালের পূজা, কুমারী পূজা, বৈদিক নৃত্য ও রাতের ধুনচি নৃত্য—প্রতিটি পর্বে ভক্ত ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজন সফল করার জন্য স্থানীয় প্রশাসন, মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের মানুষের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণকে বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজে সজ্জিত করা হয়। দিনব্যাপী আয়োজনে প্রসাদ বিতরণও করা হয়। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই উৎসব উপভোগ করেন।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button